নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মসজিদটির ইমাম আবদুর রাজ্জাক বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে ফজরের নামাজ পড়াতে তিনি মোটরসাইকেলে করে মসজিদে আসেন। নামাজ শেষে বাইরে এসে দেখেন, নির্ধারিত স্থানে তাঁর ব্যবহৃত ১২৫ সিসির মোটরসাইকেলটি নেই। সেখানে পড়ে আছে একটি পুরোনো বাইসাইকেল। পরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, বাইসাইকেলটি এলাকার কারও নয়।
মোটরসাইকেল হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন আবদুর রাজ্জাক। পরে আজ দুপুরে তিনি সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানান সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম।































































































































































































































