জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় টানা কয়েক সপ্তাহ ধরে জলাবদ্ধতায় চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাঘাট, ঘরবাড়িতে পানি ওঠায় জনজীবন কার্যত বিপর্যস্ত। একাধিকবার পৌরসভা ও জেলা প্রশাসনের কাছে জানালেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী শেষ পর্যন্ত ট্রেন আটকে বিক্ষোভ করেছেন।
বেলা ২টা ৪০ মিনিটে শহরের শেখেরভিটা এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী বেসরকারি কমিউটার ট্রেনটি অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ট্রেন আটকে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় ৪০ মিনিট পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।
শেখেরভিটা এলাকার বাসিন্দা আতাউর রহমান বলেন, এলাকাটি পৌর শহরের মধ্যে। অথচ তিন শতাধিক পরিবার বন্যার মতো পানিবন্দী অবস্থায় আছে। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ নেই। এ জন্য তাঁরা ক্ষুব্ধ হয়ে আজ ট্রেন আটকে বিক্ষোভ করেন।































































































































































































































