জামালপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা গ্রাম ও বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো বেতেগা গ্রামের জাহিদুল ইসলামের দেড় বছর বয়সী ছেলে ইয়ামিন এবং গাজীর পাড়া গ্রামের সুজা আলীর দুই বছর বয়সী ছেলে মোহাম্মদ আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা গ্রামে ইয়ামিনের মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। সম্প্রতি বাড়ির কাজের প্রয়োজনে উঠানের পাশে একটি গর্ত খুঁড়ে মাটি উত্তোলন করা হয়েছিল। বৃষ্টির কারণে গর্তটিতে পানি জমে ছিল। খেলতে খেলতে একপর্যায়ে ওই পানিতে পড়ে ডুবে যায় ইয়ামিন।
কিছুক্ষণ পর শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের গর্তে ইয়ামিনকে ভাসমান অবস্থায় দেখতে পান তাঁরা। দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।































































































































































































































