জামালপুরে কালবৈশাখীতে গাছ উপড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুরে কালবৈশাখীতে গাছ উপড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখীতে গাছ উপড়ে বসতঘরের ওপর পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী গ্রামের মৃত গণি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৯০), তাঁর দুই মেয়ে ফাতে বেগম (৫০) ও ফরিদা বেগম (৪৫)।

পরিবার সূত্রে জানা গেছে, খুকি বেগমের দুই ছেলে ও দুই মেয়ে। ছোট মেয়ে ফরিদা বেগম স্বামী-সন্তান নিয়ে ঢাকায় থাকেন। কয়েক দিন আগে তিনি অসুস্থ মাকে দেখতে গ্রামের বাড়িতে আসেন। গতকাল রোববার রাতে মা ও দুই বোন একসঙ্গে খাওয়াদাওয়া শেষে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। আজ ভোরে ঝড়ে একটি গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। ঘটনাস্থলে তাঁরা তিনজন মারা যান। সকালে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনের মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সদস্যরাও আসেন। আজ সকালে গিয়ে দেখা যায়, দাগী গ্রামের পাকা সড়কে মানুষের ভিড়। বাড়ির উঠানের এক পাশে পাশাপাশি রাখা হয়েছে তিনটি খাটিয়া। অল্প দূরেই পড়ে আছে উপড়ে পড়া বিশাল গাছটি। তার নিচে লন্ডভন্ড হয়ে আছে টিনশেডের ঘর। ঘরের চাল, বাঁশের খুঁটি আর টিনের বেড়া ছড়িয়ে আছে চারদিকে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।