শরীয়তপুরে ঝড়ে একটি চারতলা ভবনের ছাদের দেয়াল ভেঙে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে চার নারী ও শিশু আহত হয়েছে। আহত ব্যক্তিদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা খুকুমনি (৩৫), সানজিদা (৮), খাদিজা আক্তার (৮) ও সিমু আক্তার (২৫)। স্থানীয় লোকজন বলেন, আজ সকালে শরীয়তপুর শহরের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এ সময় আদর্শনগর এলাকার একটি চারতলা ভবনের ছাদের দেয়াল ভেঙে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে।
দেয়াল ভেঙে পড়া ভবনের মালিক আবুল কালাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। পুলিশ জানায়, ঘটনার পরপর তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।































































































































































































































