ঝালকাঠির সেতু ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

ঝালকাঠির সেতু ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

ঝালকাঠির কাঁঠালিয়ায় অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাকের চাপে আঞ্চলিক সড়কের একটি সেতু ভেঙে খালে পড়ে গেছে। এতে ওই এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার সকালে উপজেলার জোড়াপোল বাজার এলাকায় কাঁঠালিয়া–কৈখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ সেতুটি অতিরিক্ত ওজনের চাপ নিতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে। নিয়মিত ভারী যান চলাচল ও অতিরিক্ত চাপের কারণে এর কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। এলাকাবাসী বারবার কর্তৃপক্ষকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, আজ সকালে পাথরবোঝাই ট্রাকটি সেতুর ওপর ওঠার পরপরই বিকট শব্দ করে সেতুর কাঠামো ভেঙে নিচের খালে পড়ে যায়। এতে ট্রাকসহ সেতুর বড় অংশ পানিতে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।