ঝিনাইদহে বজ্রপাতে দুজনের মৃত্যু, মেহেরপুরে মারা গেছে ৪টি গরু

ঝিনাইদহে বজ্রপাতে দুজনের মৃত্যু, মেহেরপুরে মারা গেছে ৪টি গরু

ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর গ্রামে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে জেলার বিভিন্ন অঞ্চলে আরও চারজন আহত হয়েছেন। এ ছাড়া মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে মাঠে থাকা চারটি গরু মারা গেছে। আহত হয়েছেন দুজন। সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এসব ঘটনা ঘটে। ঝিনাইদহে বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ধানকাটা শ্রমিক আসাদুল ইসলাম (৪৫) ও গৃহিণী আন্না খাতুন (৪৮)। আসাদুল ইসলাম কুষ্টিয়ার বাসিন্দা। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর গ্রামে ধান কাটার কাজে এসেছিলেন। আন্না খাতুন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামের বাসিন্দা। ঝড়–বৃষ্টির সময় তিনি আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে জেলার বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তাঁদের মৃত্যু হয়।

মায়াধরপুর গ্রামের বাসিন্দারা জানান, বিকেল পাঁচটার দিকে আকস্মিক ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন মাঠে ধান কাটার কাজ করছিলেন কৃষকেরা। এ সময় বজ্রপাতে দুই শ্রমিক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বজ্রপাতে আসাদুল ইসলাম নামের এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। এ ছাড়া সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর, দোগাছি গ্রামে বজ্রপাতে আরও তিন নারী আহত হয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।