জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুতের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল বুধবার বেলা সোয়া একটার দিকে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ের পর থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার অন্তত ৭৫টি গ্রাম বিদ্যুৎ–বিচ্ছিন্ন আছে। এতে দুর্ভোগে পড়েছেন প্রায় ৩০ হাজার গ্রাহক।
ঝড়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর আক্কেলপুর পৌর শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও হাস্তাবসন্তপুর, পালপাড়া, জিয়ানীপাড়া, শ্রীকৃষ্টপুর, শান্তা মহল্লাসহ বেশ কয়েকটি এলাকায় আজ সকাল পর্যন্ত বিদ্যুতের সরবরাহব্যবস্থা স্বাভাবিক হয়নি।
কালবৈশাখীতে বিদ্যুতের অন্তত ৪৫টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। ক্ষতিগ্রস্ত লাইনের বিভিন্ন স্থানে মেরামতকাজ চলছে। মাঠপর্যায়ে একাধিক দল কাজ করছে।































































































































































































































