রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে আসাদ অ্যাভিনিউ হয়ে নূরজাহান রোডের দিকে ভ্যান টেনে নিয়ে যাচ্ছিলেন ৭৫ বছর বয়সী চালক আবুল কাশেম। তাঁর ভ্যানে কলার আঁটি বোঝাই করা। ধীরে ধীরে সামনে এগোচ্ছিলেন তিনি। এভাবে ভ্যান টেনে এনেছেন রায়েরবাজার থেকে।
আবুল কাশেমের বড় ছেলেও রিকশা চালান। মেজ ছেলে একটি দোকানে কাজ করেন। আর ছোট ছেলে একটি কারখানায় কাজ করে। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। তাঁরা শ্বশুরবাড়িতে থাকেন। স্ত্রী থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়।
ছেলেমেয়েরা সবাই নিজেদের মতো করে আছেন। প্রতিদিন শুধু রাতের বেলা ছেলেদের থেকে এক বেলা খাবার খান আবুল কাশেম। সকাল আর দুপুরে নিজের টাকায় খেয়ে নেন। ছেলেদের কথা তুলতে তিনি বললেন, ‘যার যার সংসার লইয়া হে পেরেশান। কে কারটা দেখে। নিজের ওপরেই ভরসা।’
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন বেশি কাজ করতে পারেন না তিনি। মাসে ১৫ থেকে সর্বোচ্চ ২০ দিন ভ্যান চালান। তিনি বললেন, ‘অনে আমার জানে কুলায় না। বহুত কষ্ট করে খাটতাসি।’































































































































































































































