পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় টানা দুই দিনের বজ্রবৃষ্টিতে অন্তত ২৯টি গরু মারা গেছে। এতে ২৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে উপজেলার প্রাণিসম্পদ বিভাগ। তবে বাস্তবে মৃত গবাদিপশুর সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কৃষকদের দাবি, তাঁদের অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ বলেন, ‘গতকাল বুধবার ও আগের দিন মঙ্গলবার বজ্রপাতে মোট ২৯টি গরু মারা যাওয়ার খবর নিশ্চিত হয়েছি। এতে খামারিসহ ২৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা পেয়েছি। তবে মৃত গরুর সংখ্যা বাস্তবে আরও বেশি হবে।’
ক্ষতিগ্রস্ত কৃষকদের কয়েকজন হলেন উপজেলার ধুলাসার ইউনিয়নের তারিকাটা গ্রামের দেলোয়ার হোসেন, বালিয়াতলী ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামের ইব্রাহিম হাওলাদার, বালিয়াতলী গ্রামের হাবিবুল্লাহ, রিফিউজিপাড়ার শাহিদা বেগম, মধুখালী ইউনিয়নের মধুখালী গ্রামের আনেচ খান, এনায়েত তালুকদার, মহিপুর ইউনিয়নের কমরপুর গ্রামের নূর হোসেন।































































































































































































































