পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারি ও গৃহস্থরা। স্থানীয় চাহিদার তুলনায় এবার উল্লেখযোগ্যসংখ্যক পশু উদ্বৃত্ত থাকায় উপজেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী উপজেলা ও জেলার হাটগুলোতেও পশু সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর কাউনিয়ায় মোট ৩ হাজার ২৮০ জন খামারি কোরবানির পশু হৃষ্টপুষ্টকরণ কার্যক্রমে যুক্ত রয়েছেন। খামার ও গৃহস্থ পর্যায়ে মোট ২৫ হাজার ৮৬০টি গবাদিপশু প্রস্তুত করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম মামুন বলেন, ‘পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার খামারিদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। পশুর স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ, চিকিৎসা পরামর্শ ও হৃষ্টপুষ্টকরণ কার্যক্রমে কাউনিয়া উপজেলা প্রাণিসম্পদ বিভাগ গুরুত্বসহকারে কাজ করছে।’































































































































































































































