ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় আকরাম গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় শ্রমিকের মৃত্যুর ঘটনার এক মাস পেরিয়ে গেলেও কারখানার মালিক এখনো অধরা। এর মধ্যেই প্রশাসনের সিলগালা করা কারখানাটিতে মালিকপক্ষের নির্দেশে ও পুলিশের সহায়তায় সীমানাদেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। গত শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি সড়ক এলাকার কারখানাটিতে সীমানাদেয়াল নির্মাণের কাজ শুরু হয়। খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা কাজ ফেলে পালিয়ে যান।
গত ৪ এপ্রিল ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় শ্রমিক দগ্ধ হয়ে মারা যান এবং আরও কয়েকজন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের লাশ এখনো শনাক্ত করা যায়নি। শনাক্ত হওয়া তিনজন হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার কবীরকাঠি গ্রামের জসিম উদ্দিন দুয়ারির স্ত্রী মঞ্জু বেগম (৩১), মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা রাজু মিয়ার স্ত্রী শাহীনুর বেগম (৩৫) ও বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা লাল চাঁনের স্ত্রী মীম আক্তার (১৬)।
এ ঘটনায় পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে হত্যা, শ্রম আইন এবং বিস্ফোরক আইনে মামলা করে। মামলায় কারখানার মালিক মো. আকরাম উল্লাহ আকরাম (৬৩), তাঁর ছেলে আহনাফ আকিফ আকরাম (৩৮), কেরানীগঞ্জ সিটি ব্যবসায়ী মালিক সমিতিসহ (৫২) অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়।































































































































































































































