পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি খাল খননকাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি সরকার তার নির্বাচনী ইশতেহারে খাল খননকে অগ্রাধিকার দিয়েছে। শপথ গ্রহণের কিছুদিনের মধ্যে সেই প্রতিশ্রুতি অনুযায়ী খাল খননও শুরু করে। এমন পরিস্থিতিতে খাল খননের সময় খননযন্ত্রে এ আগুন দেওয়ার ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এটি পরিবেশ রক্ষায় সরকারি কার্যক্রমের ওপর সরাসরি আঘাত। পিলাক খাল খননের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও জনকল্যাণকর। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন বা কৃষিকাজে সুবিধা নিশ্চিত করা।
কিন্তু কাজটি যখন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই দুর্বৃত্তরা রাতের আঁধারে নাশকতার পথ বেছে নেয়। এই আগুন লাগানোর ঘটনা কেবল একটি যন্ত্রকে ধ্বংস করেনি, বরং স্থানীয় মানুষের উন্নয়ন প্রত্যাশায়ও বড় ধরনের ধাক্কা দিয়েছে।































































































































































































































