খুলনা নগর একসময়ের পুকুর, জলাশয় ও সবুজে ঘেরা হয়েছে এক তপ্ত কংক্রিটের জঙ্গলে। শহরের প্রবীণদের শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা বড় বড় পুকুর আর ডোবাগুলো আজ স্রেফ অতীত। রয়েল মোড়, জাতিসংঘ শিশুপার্ক, রেলস্টেশন কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান—খুলনার আনাচকানাচে ছড়িয়ে থাকা অসংখ্য পুকুর গিলে খেয়ে গড়ে উঠেছে বহুতল ভবন, সিনেমা হল, মার্কেট ও আবাসিক প্রকল্প।
জলাশয় হারিয়ে যাওয়ার চড়া মাশুল ইতিমধ্যেই দিতে শুরু করেছেন খুলনাবাসী। এর প্রভাব বহুমুখী ও দীর্ঘস্থায়ী। প্রথম আলোর খবরে এসেছে, সামান্য বৃষ্টিতেই খুলনা নগরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, শুষ্ক মৌসুমে চরম পানিসংকট দেখা দিচ্ছে শহরের অর্ধেক এলাকায়।
ওয়াসার হিসাব বলছে, ভূগর্ভস্থ পানির স্তর প্রতিবছর গড়ে ছয় ইঞ্চি নিচে নামছে। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি তোলার কারণে মাটির নিচে শূন্যস্থানে প্রবেশ করছে লবণাক্ত পানি।































































































































































































































