খুলনায় চলতি বোরো মৌসুমে মাঠপর্যায়ে উচ্চফলনশীল (উফশী) আধুনিক একটি নতুন ধানের জাত চাষে কৃষকের মধ্যে আগ্রহ বাড়ছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ব্রি-১০৮ ধানকে উচ্চ ফলন, চালের গুণগত মান ও বাজার সম্ভাবনার কারণে সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে জাতীয় বীজ বোর্ডের সভায় এ জাত অনুমোদন পায়। ব্রি-১০৮-এর গড় ফলন হেক্টরপ্রতি প্রায় ৮ দশমিক ৭ টন। অনুকূল পরিবেশে এর ফলন আরও বেশি হতে পারে।
খুলনার ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা গ্রামের কৃষক আবু সাইদ বলেন, ‘ব্রি-১০৮ গত বছরও ভালো ফলন দিয়েছিল। এবারও বাম্পার ফলন হয়েছে। আগামীতেও আমরা এ জাতের আবাদ করব।’































































































































































































































