ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের সমাধি বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের সমাধি বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সংলগ্ন কবরস্থানে কবি কাজী নজরুল ইসলামের সমাধি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রয়েছে। কোনো লিখিত সিদ্ধান্ত ছাড়াই সমাধিস্থল বন্ধ রাখায় দর্শনার্থী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আর হতাশা তৈরি হয়েছে। জাতীয় কবির সমাধিতে প্রবেশ করতে পারছেন না দর্শনার্থীরা। বাইরে থেকে দেখেই ফিরে যেতে হয় তাদের। সরেজমিনে দেখা যায়, সমাধিস্থলের প্রধান ফটক তালাবদ্ধ। প্রবেশপথের দুপাশে ফুটপাতে বসেছে বইয়ের দোকানসহ চুড়ি-গয়নার দোকান। কোনো সুস্পষ্ট নির্দেশনা বা নামফলক না থাকায় অনেকেই বুঝতে পারেন না যে, সেখানে জাতীয় কবির সমাধি অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, সমাধিস্থল সীমিত রাখার পেছনে কোনো লিখিত নীতিমালা নেই। তিনি বলেন, ওসমান হাদিকে দাফনের পর এখানে মানুষের ভিড় অনেক বেড়ে যায়। নিরাপত্তা ও শৃঙ্খলার কথা বিবেচনা করে সাময়িকভাবে প্রবেশ সীমিত করা হয়েছে। এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। তবে আপাতত উন্মুক্ত করার পরিকল্পনা নেই। কেউ চাইলে প্রক্টর অফিসের অনুমতি নিয়ে সমাধি পরিদর্শন করতে পারবেন। দর্শনার্থীদের মতে, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সমাধি এভাবে সীমাবদ্ধ করে রাখা গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, দ্রুত সমাধিস্থল আগের মতো উন্মুক্ত করা হোক, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে এসে শ্রদ্ধা জানাতে পারেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।