কোদালের কোপে গৃহবধূকে হত্যা করে স্বামী

কোদালের কোপে গৃহবধূকে হত্যা করে স্বামী

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় কোদালের কোপে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূর নাম মাহিনূর আক্তার (২৪)। তিনি মানিকছড়ির পূর্ব গচ্ছাবিল এলাকার আবুল কালামের স্ত্রী। দুই সন্তানের মা ছিলেন তিনি। তাঁর বাবার বাড়িও পূর্ব গচ্ছাবিল এলাকায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে মাহিনূরের সঙ্গে তাঁর স্বামী আবুল কালামের ঝগড়া হয়। দুজনের তর্কাতর্কির একপর্যায়ে আবুল কালাম মাহিনূরের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এতে মাহিনূর নিহত হন।

মাহিনূর আক্তারকে হত্যার ঘটনায় গতকাল রাতে মানিকছড়ি থানায় মামলা করেন তাঁর বাবা আবু তাহের। মামলায় মাহিনূরের স্বামী আবুল কালাম ও শাশুড়ি খদিজা বেগমকে আসামি করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।