কক্সবাজারে হামের সংক্রমণ বেড়েছে। এমএসএফ জানিয়েছে, গত এপ্রিল মাসে ২৮৪ জন হামে আক্রান্ত রোগীকে চিকিৎসা দিয়েছে তারা, যা এর আগের প্রথম তিন মাসের তুলনায় প্রায় চার গুণ। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা জোরদার করার কথাও জানিয়েছে সংস্থাটি।
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোয় প্রায় ১২ লাখ রোহিঙ্গার বসবাস। এসব আশ্রয়শিবির হামের সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে বলে জানানো হয় এমএসএফের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
এমএসএফের কান্ট্রি মেডিকেল কো-অর্ডিনেটর মিকে স্টেনসেন্স বলেন, ‘চলতি বছরের শুরুর দিকে জেলায় নিয়মিত হামের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা মার্চ মাস থেকে ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করেছি এবং এপ্রিলে তা আরও ত্বরান্বিত হয়েছে।’































































































































































































































