কক্সবাজার থেকে ২০ হাজার ইয়াবা বড়ি নিয়ে ঢাকায় যাওয়ার পথে এক পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় উখিয়া উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক পুলিশ সদস্যের নাম মো. সজিব বেপারী (২৩)। তাঁর বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্না এলাকায়। তিনি ২০২৩ সালের নভেম্বর থেকে কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত। গতকাল ছুটির দিনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কর্মস্থল থেকে বের হন তিনি।
উদ্ধার হওয়া ইয়াবা বড়িসহ সজিব বেপারীকে রাতেই রামু থানায় হস্তান্তর করে বিজিবি। রামু-৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ইয়াবাগুলো ঢাকায় পৌঁছে দিলে সজিব বেপারীকে দুই লাখ টাকা দেওয়ার চুক্তি ছিল।































































































































































































































