কৃষক জেবর আলী টানা চার বছর স্ত্রীকে নিয়ে হাসপাতালের আইসিইউতে দৌড়াদৌড়ি করেছেন। স্ত্রীর চিকিৎসার পেছনে প্রায় সব টাকা ব্যয় করেছেন। ইতিমধ্যে বিরল রোগে আক্রান্ত স্ত্রী জীবন ফিরে পেয়েছেন। চিকিৎসকদের নিষেধাজ্ঞা ছিল সন্তান নিয়ে যাওয়া যাবে না। ভুলক্রমে তা-ও পেয়ে গেছেন। ১০ দিন আগে স্ত্রী-সন্তানকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন।
স্ত্রী-সন্তানের সুস্থতায় খুশি হয়ে আজ মঙ্গলবার দুপুরে চিকিৎসকের জন্য উপহারসামগ্রী নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন জেবর আলী। হাসপাতালের আইসিইউপ্রধান আবু হেনা মোস্তফা কামালের কাছে তিনি বিভিন্ন ফল ও মিষ্টি নিয়ে আসেন।
জেবর আলীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ পলাশবাড়ী গ্রামে। তাঁর স্ত্রী তানিয়া (২৫) ‘মায়াস্থেনিয়া গ্রাভিস’ রোগে ভুগছিলেন। এটি হলো শরীরের একটি বিরল ও দীর্ঘমেয়াদি অটোইমিউন স্নায়বিক রোগ।































































































































































































































