প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদ সামনে রেখে ঘরে পেঁয়াজ তুলে রাখছিলেন পাবনার সাঁথিয়া উপজেলার ঘুঘুদহ গ্রামের কৃষক দেলোয়ার হোসেন। আশা ছিল, ঈদের আগে দাম বাড়লে সেই পেঁয়াজ বিক্রি করে গরু কিনবেন, পরিবারের জন্য নতুন কাপড় কিনবেন। কিন্তু ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তাঁর দুশ্চিন্তা। কারণ, বাজারে পেঁয়াজের দাম এখনো এত কম যে উৎপাদন খরচই উঠছে না।
দেলোয়ার হোসেন বলেন, ‘প্রতিবছর এই সময় পেঁয়াজের দাম একটু বাড়ে। সেই আশায় ঘরে পেঁয়াজ তুলে রাখছিলাম। কিন্তু আজ হাটে প্রতি মণ ৮০০ থেকে ১ হাজার ১৫০ টাকার বেশি দাম নাই। ছোট পেঁয়াজ তো ৫০০-৬০০ টাকাতেও বিক্রি করতে হতেছে। এই দামে পেঁয়াজ বেচলে কোরবানি তো দূরের কথা, ধারদেনাও শোধ করা যাবে না।’
সাঁথিয়া উপজেলার চোমরপুর গ্রামের জহিরউদ্দিন বলেন, ‘পেঁয়াজ বিক্রি কইর্যা প্রতিবছর একটা করে গরু কিনত্যাম। এবার মনে হয় ভাগেও কোরবানি দিব্যার পারব না। সংসারের খরচ চালাইতেই কষ্ট হইত্যাছে।’































































































































































































































