কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের পর বাসটি গভীর খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের লাশ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিদের মধ্যে রাফিয়া (১৫) নামের এক ছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুরের ফিলিপনগর মন্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে।
খোকসা হাসপাতালে নিহত দুই পুরুষের নাম–পরিচয় জানা যায়নি। জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে আসছিল। পথে খোকসার শিমুলিয়া এলাকায় পৌঁছালে বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।































































































































































































































