বান্দরবান জেলার লামা উপজেলায় নতুন ইটভাটার জন্য পাহাড় কেটে সমতল করা হয়েছে ১০ একর জায়গা। এ অভিযোগ উঠেছে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় লোকমান হোসেনের নামে। তিনি সাতকানিয়া উপজেলার বাসিন্দা। রোববার পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মো. ওসমান গনি।
অভিযোগে বলা হয়েছে, লোকমান হোসেন বেআইনিভাবে পাহাড় কেটে সেখানে ইটভাটা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। পাহাড় কাটার ফলে প্রাকৃতিক বন, ঝিরি, জলধারা ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগকারী ওসমান গনি জানান, জমিটি যৌথভাবে কেনা হলেও পরবর্তীতে প্রতারণার মাধ্যমে পাহাড় কেটে ফেলা হচ্ছে। ইতোমধ্যে বড় অংশ সমতল করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, একটি পাহাড়ি ঝিরি ভরাট করা হয়।































































































































































































































