জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে জনপ্রতি ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে লঞ্চভাড়া জনপ্রতি ১৪ পয়সা বাড়ানো হয়েছে। এই হিসেবে কম দূরত্বে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ল লঞ্চের ভাড়া।
আজ বুধবার এক প্রজ্ঞাপনে লঞ্চের ভাড়া বাড়ানোর কথা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ানোর পাশাপাশি সর্বনিম্ন যাত্রী ভাড়াও বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে। এতে বলা হয়েছে, পুনর্নির্ধারিত এই ভাড়া মঙ্গলবার (গতকাল) থেকে কার্যকর হবে।
এতদিন প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ছিল ২ টাকা ৭৭ পয়সা, এর বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ছিল ২ টাকা ৩৮ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি লঞ্চ ভাড়া হবে ২ টাকা ৯৫ পয়সা আর এর বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া হবে ২ টাকা ৫২ পয়সা।































































































































































































































