লেবুবাগানে বন্য প্রাণী ঠেকানোর বৈদ্যুতিক ফাঁদে শ্রমিকের মৃত্যু

লেবুবাগানে বন্য প্রাণী ঠেকানোর বৈদ্যুতিক ফাঁদে শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্য প্রাণী ঠেকাতে লেবুবাগানের চারপাশে স্থাপন করা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনীল সাঁওতাল (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার রাধানগর কমিউনিটি ক্লিনিকের পেছনে জরিফ মিয়ার মালিকানাধীন একটি লেবুবাগানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনীল সাঁওতাল রাধানগর বস্তি এলাকার মৃত রবিয়া সাঁওতালের ছেলে। নিহত সুনীল সাঁওতালের সাত ও পাঁচ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। তিনিই সেই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন।

স্থানীয় ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, আজ ভোরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের লেবুবাগানে যান সুনীল। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সুনীল বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে খুঁজতে শুরু করেন। পরে বাগানের ভেতরে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জমি ইজারা নিয়ে লেবুবাগানটি করেছেন স্থানীয় আলী আর্জুন নামের এক ব্যক্তি। ঘটনার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।