চট্টগ্রামের লোহাগাড়ায় ছররা গুলিতে ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালক আহত হয়েছেন। আহত ব্যক্তিদের পরিবারের দাবি, চাঁদা না দেওয়ায় স্থানীয় একটি সন্ত্রাসী দলের সদস্যরা দুজনকে গুলি করেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনা গ্রামের আমীর বাপেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন উপজেলার চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার শাহ আলমের ছেলে কাইয়ুম শরিফ (১৯) ও তাঁর বন্ধু বড়হাতিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকার হামিদ হোসেনের ছেলে মো. আকিব (২০)। বর্তমানে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ আকিবের চাচাতো ভাই মো. ইমন প্রথম আলোকে বলেন, স্থানীয় একটি সন্ত্রাসী দল আকিবের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। আকিব কিছু টাকা দিয়েছিলেন। তবে দাবিকৃত সব টাকা পরিশোধ না করায় সন্ত্রাসীরা আকিবের ওপর ক্ষুব্ধ ছিল। এর জেরে তাঁকে গুলি করা হয়েছে।































































































































































































































