মাদকাসক্ত ছেলে বাবাকে কুপিয়ে হত্যা

মাদকাসক্ত ছেলে বাবাকে কুপিয়ে হত্যা

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা–বাবা। সেই অভিযোগে এক মাস কারাভোগের পর বাড়ি ফিরে বাবাকেই কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৬০)। তিনি মৌলভীরকুম এলাকার বাসিন্দা। এলাকায় ছোট একটি দোকানে চা-পান বিক্রি করতেন।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলে মিনারুল ইসলামকে (৩০) আটক করে মারধর করেন। পরে তাঁকে একটি কমিউনিটি সেন্টারে বেঁধে রাখা হয়। খবর পেয়ে চকরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিনারুলকে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মিনারুল ইসলাম তাঁর বাবা খলিলুর রহমানের পথ রোধ করেন। একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে খলিলুর রহমানের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাহুর একটি অংশ প্রায় আলাদা হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।