মাদারীপুরে সৎমায়ের ভাড়া বাসা থেকে এক দম্পতি ও তাঁদের শিশুসন্তানের লাশ উদ্ধারের ঘটনায় প্রাথমিকভাবে রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, মানসিক বিপর্যয়ের কারণে স্বামী প্রথমে স্ত্রী ও সন্তানকে হত্যা করেন। পরে তিনি নিজে আত্মহত্যা করেন।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গ থেকে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত রোববার রাত আড়াইটার দিকে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকা থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার যতীন শিকদারের ছেলে চিন্ময় শিকদার (২৮), তাঁর স্ত্রী ইশা শিকদার ওরফে ইশরাত জাহান (২২) এবং তাঁদের আট মাস বয়সী মেয়ে জেনি।































































































































































































































