মাদারীপুরের ডাসারে জমি নিয়ে বিরোধের জেরে মারুফ সরদার (১৪) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় মারুফ সরদারসহ চারজনকে পিটিয়ে জখম করা হয়।
এ ঘটনায় মারুফ সরদারের বাবা নুর ইসলাম সরদার, মা মানিনুর বেগমসহ একই বাড়ির হোসনেয়ারা বেগম ও পাপিয়া বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাঁরা মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের সঙ্গে একই এলাকার মোফাজ্জেল সরদারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।































































































































































































































