চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে মোহাম্মদ আবদুল্লাহ (৪০) নামের এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ আবদুল্লাহ ওই এলাকার মৃত বজল আহমদের ছেলে। তিনি স্থানীয় সরল ইসলামিয়া আনছারুল উলুম মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে আছে।
বাঁশখালী থানার উপপরিদর্শক মো. আরিফ হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।































































































































































































































