নরসিংদীর রায়পুরা উপজেলায় একজন মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার শিশুটির মা রায়পুরা থানায় মামলাটি করেন। অভিযুক্ত শিক্ষকের নাম জুনাঈদ আহমদ। তিনি রায়পুরা পৌর শহরের একটি বালিকা মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে আছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই মাস আগে ওই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে ভর্তি হয় ১০ বছর বয়সী শিশুটি। ২৪ এপ্রিল রাত দুইটার দিকে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাতের সাহায্যে ধর্ষণের চেষ্টা করেন মাদ্রাসার মুহতামিম জুনাঈদ আহমদ।
পরদিন সকালে শিশুটি তীব্র অসুস্থতা বোধ করলে তাকে পার্শ্ববর্তী একটি এলাকায় খালার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। খালা তার কাছে অসুস্থতার কারণ জানতে চাইলে ঘটনার বিস্তারিত জানায় শিশুটি। পরে ওই খালা বিষয়টি শিশুর মা ও বাবাকে কল করে জানান।































































































































































































































