ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনামপুর এলাকায় র্যাব-১৪ এর একটি দল গতকাল মঙ্গলবার রাতে মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করে। এই শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে নেত্রকোনা জেলার মদন উপজেলার এক শিশুকে অন্তঃসত্ত্বা করার অপরাধে। গ্রেপ্তারের পর র্যাবের অধিনায়ক নয়মুল হাসান বলেন, গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত শিক্ষক বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। মুঠোফোনও ব্যবহার করছিলেন না। গোয়েন্দা নজরদারিতে তাঁর অবস্থান শনাক্ত করার পর গৌরীপুরের সোনামপুরে এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের ওই কর্মকর্তা জানান, তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তেমন কোনো তথ্য দেননি। তাঁকে আজ দুপুরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। পুলিশ প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
শিশুটির আত্মীয়স্বজন, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। পরে তার মা সিলেট থেকে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারেন।































































































































































































































