মাগুরায় প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ভোজ্যতেলভর্তি ট্রাক ছিনতাই ও চালককে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে; সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে লুট হওয়া ৪৫ দশমিক ৫ ব্যারেল তেল, ৭টি খালি ব্যারেল এবং তেল বিক্রির ৩ লাখ ৭ হাজার ৭০০ টাকা।
গতকাল সোমবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তিনি বলেন, এটি একটি সুসংগঠিত অপরাধী চক্রের কাজ। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, ১৬ মে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্সের মালিক গোপাল সাহা ঢাকার এক ব্যবসায়ীর কাছ থেকে ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্যতেল কেনেন। ১৮ মে রাত ১০টার দিকে চালক আবদুর রহমান নারায়ণগঞ্জের সাইলো ঘাট থেকে তেলবোঝাই ট্রাক নিয়ে মাগুরার উদ্দেশে রওনা হন। তবে ট্রাকটি আর গন্তব্যে পৌঁছায়নি। চালকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।































































































































































































































