মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিপন মিয়া (২০) নামের এক তরুণকে আটক করা হয়েছে।
নিহত সাথী আক্তার কাটিগ্রাম এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। আটক রিপন নিহত সাথীর ভাগনে এবং একই এলাকার আতাউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে পারিবারিক কলহের জেরে বাড়িতে সাথী আক্তারের সঙ্গে ভাগনে রিপনের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।































































































































































































































