মাতুয়াইলের জলাবদ্ধতা দুই সিটি করপোরেশনকেই দায় নিতে হবে

মাতুয়াইলের জলাবদ্ধতা দুই সিটি করপোরেশনকেই দায় নিতে হবে

রাজধানীর উপকণ্ঠ মাতুয়াইলের শহীদনগর, শামীমবাগ ও আদর্শবাগ এলাকার বাসিন্দাদের কাছে ‘জলাবদ্ধতা’ এখন আর সাময়িক কোনো সমস্যা নয়; বরং এক স্থায়ী অভিশাপে পরিণত হয়েছে। সংবাদমাধ্যমের সচিত্র প্রতিবেদন বলছে, রোদ হোক বা বৃষ্টি—বছরের অধিকাংশ সময়ই এখানকার সড়কগুলো নর্দমার কালচে জলে ডুবে থাকে। হাঁটুসমান ময়লাপানি আর খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিন যে নরকযন্ত্রণা সয়ে হাজার হাজার মানুষ চলাচল করছেন, তাতে স্পষ্ট হয়, এখানে নাগরিক সেবা মানে এক তামাশার নাম।

প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এলাকার কোমলমতি শিশুরা নর্দমার নোংরা পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে, গর্ভবতী নারীরা হাসপাতালে যাওয়ার পথে অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পথ চলছেন। এই নোংরা পানি থেকে ছড়াচ্ছে চর্মরোগ, বাড়ছে মশার উপদ্রব। অথচ এই সংকটের মূলে যা রয়েছে, তা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়; বরং পুরোপুরি মানবসৃষ্ট এবং প্রশাসনিক অবহেলা।

এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, মাতুয়াইলের এই অংশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মধ্যবর্তী সীমানায় অবস্থিত। এই ‘সীমানা জটিলতা’র অজুহাতে দুই সংস্থার কেউই যেন এলাকাটির দায়িত্ব নিতে চাইছে না। এক সংস্থার কাজ অন্যটির ওপর চাপিয়ে দেওয়ার কারণে বলি হচ্ছেন করদাতা সাধারণ নাগরিকেরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।