লালপুরের লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে একটি ট্রাক চাপা দিয়ে এক ছেলের মৃত্যু হয়েছে। মরদেহ দেখে মা অচেতন হয়ে পড়েন।
লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম ও রুনিফা বেগম দম্পতির ছেলে আশরাফুল ইসলাম (১৮) মৃত্যুবরণ করেছেন।
পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে আশরাফুল ইসলাম মাকে মোটরসাইকেলে নিয়ে লালপুরের ত্রিমোহনীতে যান। সেখানে মাকে নামিয়ে দিয়ে পেট্রল নেওয়ার জন্য ১০০ মিটার দূরে লালপুর ফিলিং স্টেশনের দিকে রওনা হন। ফিলিং স্টেশনে ঢোকার আগমুহূর্তে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনা ঘটতে দেখে তাৎক্ষণিক সেখানে শত শত মানুষ ভিড় করেন। ট্রাকচাপায় এক তরুণ মারা গেছেন—এমন খবর রুনিফা বেগমও জানতে পারেন। কৌতূহলবশত তিনি দুর্ঘটনাস্থলে যান। মানুষের ভিড় ঠেলে দেখতে পান তাঁর ছেলে আশরাফুলের রক্তাক্ত মরদেহ। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।































































































































































































































