মায়ের হাত ধরে সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল আট বছরের শিশু মো. ইয়ামিন। এরই মধ্যে হঠাৎ হাত ছুটে যায়। আর সেই মুহূর্তেই একটি বেপরোয়া গতির ট্রাক মায়ের চোখের সামনে ইয়ামিনকে চাকার নিচে নিয়ে থেঁতলে চলে যায়। পাকা সড়কের মাঝ বরাবর অনেক দূর ইয়ামিনকে টেনে নিয়ে যায় ট্রাকটি। সড়কের ওই অংশ লাল রক্তে ভিজে ওঠে। নিজের চোখের সামনে এ দুর্ঘটনা দেখে জ্ঞান হারান ইয়ামিনের মা বকুল বেগম।
আজ রোববার বেলা আড়াইটার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ইয়ামিন একই উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের চর বায়েজিদ গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।































































































































































































































