ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ৩৩টি শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ৯০ শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩৩টি শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়।
গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মোট ৮৩৮টি শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ৭২২টি শিশু ছাড়পত্র পেয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ১৬টি শিশুর।































































































































































































































