ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। গ্রেপ্তার দুজন হলেন ত্রিশালের বাসিন্দা তাজমুল সরকার ওরফে সাদেক, কিশোরগঞ্জের রুবেল মিয়া এবং নারায়ণগঞ্জের মো. রবিন। তাঁরা পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আসামিরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন।
গত বছর ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।































































































































































































































