বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নুর ইসলাম জোমাদ্দার (৪৫) ও তাঁর ছেলে ইব্রাহিম জোমাদ্দারের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌ পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। এর আগে এ ঘটনায় নিখোঁজ আরেক জেলে মো. হারুন বিশ্বাসের (৪৫) লাশ গতকাল মঙ্গলবার সকালে পুরাতন হিজলা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। ফলে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশই পাওয়া গেল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে জেলেদের নিষেধাজ্ঞাকালীন সরকারের দেওয়া ভিজিএফের চাল নিয়ে আটজন জেলে একটি ইঞ্জিনচালিত নৌকায় আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে রওনা হন। নৌকাটি পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নুর ইসলাম জোমাদ্দার, তাঁর ছেলে ইব্রাহিম জোমাদ্দার এবং একই গ্রামের হারুন বিশ্বাস নিখোঁজ হন।
হিজলা নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নৌকাডুবির পর থেকেই পুলিশ ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। পরে গতকাল সকাল পৌনে ৬টার দিকে পুরাতন হিজলা এলাকা থেকে মো. হারুন বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়।































































































































































































































