মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দাবি করা টাকা তুলতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বৈদ্যুতিক মিটার চোর চক্র 'চিরকুট পার্টি'–এর এক সদস্য। গতকাল শুক্রবার রাতে সিরাজগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর বাগমারা উপজেলায় চুরি হওয়া ১৪টি মিটার গতকাল রাতে উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাশিদ হাসান (২৪)। তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার চৌরিয়া মধ্যপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গত বুধবার রাতে উপজেলার ঝিকড়া এলাকা থেকে ২০টি মিটার চুরি হয়। এর মধ্যে সেচপাম্প, বাণিজ্যিক ও আবাসিক মিটার ছিল।































































































































































































































