মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে শাহ আলী থানার উত্তর বিশিল এলাকা থেকে এই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তিন আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তারিকুর রহমান।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুরের শাহ আলী মাজারে হামলা হয়। এ ঘটনায় গতকাল মামলা করেন রেশমি বেগম নামের আহত এক নারী।































































































































































































































