টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আছিমতলা এলাকায় মহাসড়ক ঘেঁষে অনুমোদন ছাড়াই পাথর ভাঙানোর অভিযোগ উঠেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে প্রতিনিয়ত এসব পাথর ভাঙানোর কারণে মানুষের ঘরবাড়ি, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান সংলগ্ন হওয়ায় মারাত্মক শব্দদূষণের পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্যের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে চলছে বিভিন্ন ধরনের পাথর ভাঙানোর কাজ। কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই তারা এ ব্যবসা করছেন। পাথর ভাঙানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদিও নেই তাদের কাছে। তবুও দিনে-রাতে চলছে পাথর ভাঙানোর কাজ।
এতে করে একদিকে যেমন শব্দদূষণ হচ্ছে অপরদিকে ধুলাবালিতে নষ্ট হচ্ছে পরিবেশ, হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। শ্রমিকদেরও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা যায়।































































































































































































































