চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়ির আঘাতে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে সাতকানিয়ার রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তাঁর ওপর হামলা করে মুখোশধারী দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তির নাম মো. শাহাদাত (৩০)। তিনি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। বিবাহিত শাহাদাত চার সন্তানের জনক। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহাদাতের বড় ভাই মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ‘কয়েক মাস আগে আমাদের এলাকা থেকে ইয়াবাসহ লোহাগাড়া উপজেলার এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ওই সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার পেছনে তাঁর লোকজন আমার ভাইকে সন্দেহ করত। হামলার ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতা থাকতে পারে।’































































































































































































































