নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের এক যুগ পূর্ণ হচ্ছে আজ সোমবার (২৭ এপ্রিল)। কিন্তু এখনো বিচারের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ, হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে স্বজনদের।
খুন হওয়া সাতজনের একজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম। প্রয়াত স্বামীর ছবির অ্যালবামের দিকে তাকালে এখনো অশ্রু ধরে রাখতে পারেন না স্ত্রী সেলিনা ইসলাম। ১২ বছর আগে ঘটে যাওয়া সেই নৃশংস হত্যাকাণ্ডের ক্ষত এখনো শুকায়নি।
আলোচিত এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ নেতা নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা করেন। পুলিশ মামলা দুটি একসঙ্গে তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।































































































































































































































