নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে পুলিশের ওপর হামলা করে ওই পাঁচজনকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার বিকেলে কাশিপুর ইউনিয়নের হাসেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সোলায়মানের বাড়ি ভাঙচুর ও লুটপাট করার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়।
তারা ধাওয়া দিয়ে আবদুল্লাহ ও তাঁর সহযোগীকে আটক করে এবং হাতকড়া পরায়। একই সঙ্গে লুট করা মালামাল বহনে জড়িত আরও তিনজনকে আটক করা হয়।































































































































































































































