ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে তাম্মীর সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় আগামী ১০ জুন রায় দেবেন ঢাকার আদালত। রাকিবের অভিযোগ, তাঁর সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন তামিমা।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদী ও আসামি—উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আজ বুধবার মামলাটির রায়ের দিন ধার্য করেন। শুনানিতে তাঁদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করে বাদীপক্ষ। অন্যদিকে আসামিপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে।
তামিমা এদিন দুপুরে কালো বোরকা ও কালো হিজাব পরে হাজির হন আদালতে। নাসিরের পরনে ছিল নেভি ব্লু টি–শার্ট ও জিনস প্যান্ট। তামিমার হাত ধরেই আদালতে ওঠেন নাসির। দুই ঘণ্টা ধরে শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে খুনসুটি করতে দেখা যায় তাঁদের।































































































































































































































