নাটোরে চলতি মৌসুমে গাছ থেকে আম ও লিচু সংগ্রহ এবং বাজারজাতকরণের সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে ১৫ মে থেকে আম এবং ১৭ মে থেকে লিচু সংগ্রহ করা যাবে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আসমা শাহীন এ তথ্য জানান।
বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনসংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ১৫ মে থেকে গুটি, ২৫ মে থেকে লক্ষণভোগ, আগামী ১৫ জুন থেকে ল্যাংড়া ও আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ ও হাড়িভাঙা, ৩০ জুন থেকে ফজলি, ৫ জুলাই থেকে মল্লিকা, ১৫ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌড়মতি আম গাছ থেকে সংগ্রহ করা যাবে।
এ ছাড়া ১৭ মে থেকে মোজাফফর জাতের এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু সংগ্রহ করা যাবে।































































































































































































































