নেত্রকোনার পূর্বধলায় বাসের ধাক্কায় সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ইলাসপুর চৌরাস্তা ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ ঘটনা দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন পূর্বধলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫০) ও সাধুপাড়া গ্রামের মো. আজিম উদ্দিন (৪৫)। আর আহত ব্যক্তিরা হলেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সারা তাবাসসুম ঊর্মি, দক্ষিণ কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলা সদরের আবদুল আজিজ খানের ছেলে মো. মনির হোসেন খান (২৪)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতু এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে পূর্বধলার উদ্দেশে সিএনজিটি সকাল আটটার দিকে ইলাসপুর চৌররাস্তা ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে পৌঁছে। এ সময় দুর্গাপুরের বিরিশিরি বাস স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা আয়নাল হক ঘটনাস্থলে মারা যান।































































































































































































































