নেত্রকোনায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কংস নদের পানি বিপৎসীমার ১ দশমিক ১০ মিটার এবং উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কংস নদের জারিয়া পয়েন্টে বিপৎসীমা ৬ দশমিক ৩৫ মিটার আর উব্দাখালী নদীর কলমাকান্দা পয়েন্টে ৪ দশমিক ৯০ মিটার।
এ ছাড়া সোমেশ্বরী, মগরা, মহাদেও, ধনুসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ দুপুর ১২টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রুহুল আমিন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কলমাকান্দা, মোহনগঞ্জ, খালিয়াজুরি, মদন, আটপাড়া, কেন্দুয়া, সদর, বারহাট্টাসহ বিভিন্ন উপজেলার ৯ হাজার ৬২৫ হেক্টর খেতের ফসল পানিতে নিমজ্জিত হয়। তবে গতকাল সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পানি আর বাড়েনি। কৃষকেরা এখন বেশ কিছু খেতের ধান কেটে ফেলছেন। এখনো ৮ হাজার ৫৩৪ হেক্টর জমির ধান নিমজ্জিত আছে। তবে স্থানীয় কৃষকেরা বলছেন, তলিয়ে যাওয়া জমির পরিমাণ প্রায় দ্বিগুণ।































































































































































































































